মুক্তিযুদ্ধের অগ্নিপরীক্ষা পেরিয়ে আসা এক মানবিক চিকিৎসকের জীবনসংগ্রাম, অপমান, আর ন্যায়বিচারের প্রশ্ন
“সময়ের নির্মম সাক্ষী: এক বীরের নীরব আর্তনাদ”
- আপডেট সময় : ০৯:১৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৫৫৭ বার পড়া হয়েছে

বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে, যেগুলো উচ্চারণ করলেই হৃদয়ের গভীরে এক অদ্ভুত শ্রদ্ধা ও বেদনার ঢেউ জেগে ওঠে। সেই নামগুলোর মধ্যেই এক উজ্জ্বল অথচ আজ ক্ষতবিক্ষত অধ্যায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ। তিনি কেবল একজন চিকিৎসক ছিলেন না; তিনি ছিলেন মানবতার সেবক, যুদ্ধক্ষেত্রের নীরব যোদ্ধা, আহত স্বাধীনতার শরীরে সেবার স্পর্শ বুলিয়ে দেওয়া এক নিরলস প্রাণ।
১৯৭১-এর সেই রক্তঝরা দিনে, যখন দেশের মাটি আগুনে পুড়ছিল, তখন তিনি নিজের জীবনকে তুচ্ছ করে ছুটে বেড়িয়েছেন মুক্তিযোদ্ধাদের পাশে, কারও ক্ষত সেলাই করেছেন, কারও প্রাণ ফিরিয়ে এনেছেন, কারও চোখে আশার আলো জ্বালিয়েছেন। তাঁর হাত ছিল চিকিৎসার, কিন্তু তাঁর হৃদয় ছিল এক মুক্তিযোদ্ধার।
একজন মানুষের গল্প, যে নিজেই এক প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য কেন্দ্র একটি নাম, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবার ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ডা. নাজিমুদ্দিন আহমেদ। সাভারের সেই প্রাঙ্গণে তিনি শুধু কাজ করেননি, গড়ে তুলেছিলেন এক মানবিক দর্শন। যেখানে চিকিৎসা মানে ছিল শুধু পেশা নয়, বরং ইবাদত; মানুষের সেবা মানে ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।
অবাক করা এক নির্মম অধ্যায়। কিন্তু ইতিহাসের নির্মমতা এখানেই যে মানুষটি জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের বাঁচিয়েছেন, আজ সেই মানুষকেই নাকি দাঁড়াতে হয়েছে অপমানের কাঠগড়ায়! অভিযোগ রয়েছে, একদল ব্যক্তি জোরপূর্বক তাঁকে ঘেরাও করে পদত্যাগপত্রে স্বাক্ষর নিতে বাধ্য করেছে। চার ঘণ্টার অবরুদ্ধ সময়। যেখানে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন প্রবীণ চিকিৎসক, একজন মানবিক ব্যক্তিত্ব নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন দু’হাত জোড় করে। কী নির্মম পরিহাস! যে হাত একদিন যুদ্ধাহতদের জীবন বাঁচিয়েছে, সেই হাত আজ করজোড়ে মিনতি করেছে নিজের সম্মান রক্ষার জন্য!
নির্বাক উপস্থিতি আরও এক বেদনাদায়ক প্রশ্ন ? ঘটনার আরেকটি দিক গভীরভাবে ভাবিয়ে তোলে সেই সময় নাকি ঘটনাস্থলে কিছু প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো কার্যকর হস্তক্ষেপ চোখে পড়েনি এমন কথাও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। প্রতিবাদহীন সেই নীরবতা যেন আরও ভারী করে তুলেছে ঘটনাটির ব্যথা। এমন এক মুহূর্তে, যখন একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ চিকিৎসক সম্মান রক্ষার সংগ্রামে অবিচল থাকার চেষ্টা করছেন, তখন আশপাশের নীরবতা প্রশ্ন তোলে ?
দায়িত্বের সীমা কোথায় শেষ হয়, আর মানবিকতার শুরু কোথায়? নৈতিকতা ও প্রশ্নের সম্মুখীন আমরা। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্ত এসবের সত্যতা নির্ধারণ অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ নৈতিকতার কোন মানদণ্ডে গ্রহণযোগ্য?
ইসলামের শিক্ষা আমাদের বলে, “যে ব্যক্তি মানুষের সেবা করে, সে আল্লাহর নিকট প্রিয়।” আর আমাদের সংস্কৃতি শেখায় যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।
ইতিহাস কখনো নীরব থাকে না। সময়ের স্রোত অনেক কিছু মুছে দেয়, কিন্তু অন্যায়কে কখনো স্থায়ীভাবে ঢেকে রাখতে পারে না। আজ সামাজিক মাধ্যমে, মানুষের আলোচনায়, হৃদয়ের গভীরে এই ঘটনার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে। কেউ প্রশ্ন করছে, কেউ ব্যথিত হচ্ছে, কেউ আবার ন্যায়বিচারের প্রত্যাশা করছে।
বিচার, না বিবেক? এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি, একটি সমাজের বিবেকের সামনে রাখা আয়না। আমরা চাই, সত্য উদঘাটিত হোক। সম্মান রক্ষা পাক। এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন। কারণ, বীরদের অপমান মানে ইতিহাসকে অপমান করা। আর ইতিহাসের বিচার, তা দেরিতে হলেও, অবধারিত।
এ জন্য আমাদের দোয়া আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্যকে বুঝার তৌফিক দিন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দিন, এবং যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের মর্যাদা রক্ষার তাওফিক দান করুন। আমিন।



















