টঙ্গীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ২১৮১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাগরণী হাই স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান মাস্টার। সঞ্চালনায় ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মোক্তার হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে শহিদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের জন্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি গাজীপুর-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, “গাজীপুরবাসীকে চমক দেখাতে চাই। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং থাকব। মামলা, হয়রানি কিংবা কোনো সমস্যা হোক—আমি সবার পাশে দাঁড়াব।”
তিনি আরও বলেন, “বিএনপির কেউ যদি অন্যায়ভাবে মামলার শিকার হন বা সাধারণ মানুষ কেউ ন্যায়ের জন্য আমার কাছে আসেন, আমি তাদের সমস্যা সহজে সমাধান করে দেব। কাউকে কষ্ট পেতে দেব না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ও প্রভাবশালী বিএনপি নেতা মোঃ কামরুল ইসলাম কামু, আব্দুল মান্নান মনা, মোহাম্মদ আহসানুল্লাহ, মোহাম্মদ আলাউদ্দিন, কামাল হোসেন আজাদ, মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে শহিদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত হাজারো মানুষের মাঝে তবারক হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয়।





















