পুলিশের দাবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান; আদালতে পাঠানো হয়েছে, তদন্ত চলমান
টঙ্গীতে কাউন্সিলর পদপ্রার্থীর স্ত্রী ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৭৪৩ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্থানীয় যুবদল নেতা আব্দুল খালেকের স্ত্রী মাকসুদা আক্তার, টুনি (৩৮)কে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর কেরানীরটেক এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত প্রায় সোয়া ৯টার দিকে কেরানীরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাকসুদা আক্তার টুনটুনিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। যেহেতু গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন কাউন্সিলর পদপ্রার্থীর পরিবারের সদস্য, তাই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। এদিকে, সংবাদ প্রকাশ পর্যন্ত আব্দুল খালেক বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।















