কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামুর ব্যক্তিগত অনুদানের ঘোষণা; এমপি এম. মঞ্জুরুল করিম রনির সহযোগিতা কামনায় এলাকাবাসীর প্রত্যাশা
আর-রহমান জামে মসজিদের উন্নয়নে অনুদানের উদ্যোগ
- আপডেট সময় : ০৫:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১৬১৬ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের টঙ্গীর উত্তর দত্তপাড়া টেকবাড়ী পূর্বপাড়ায় অবস্থিত আর-রহমান জামে মসজিদ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘদিন ধরে মসজিদের অজুখানার ওপর ছাদ না থাকায় বর্ষাকালে বৃষ্টির পানি এবং গ্রীষ্মকালে তীব্র রোদে মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, অজুখানার ছাদ নির্মাণের জন্য পিলার, রড, ইট, বালু, সিমেন্টসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দরকার। এ কারণে স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু। তিনি বলেন, “আমি আমাদের এলাকার এই মসজিদের উন্নয়নের জন্য এক লাখ ১১ হাজার টাকার অনুদান আনার উদ্যোগ নিয়েছি। প্রয়োজন হলে আরও বেশি অনুদানের ব্যবস্থা করার চেষ্টা করব। পাশাপাশি আমার নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে প্রদান করব।”

তিনি আরও বলেন, “গাজীপুরের বিভিন্ন মসজিদের উন্নয়নে মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি সহযোগিতা করে আসছেন। আমরাও তাঁর সহযোগিতা কামনা করছি, যাতে আর-রহমান জামে মসজিদের উন্নয়ন কাজেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে।” এ সময় তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, “আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আসুন, আমরা আল্লাহর ঘরের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করি। মসজিদের জন্য করা প্রতিটি ভালো কাজ সাদাকায়ে জারিয়া হিসেবে পরকালেও আমাদের উপকারে আসবে।”
কামরুল ইসলাম কামুর এই ঘোষণাকে উপস্থিত মুসল্লিরা স্বাগত জানান এবং মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে আর-রহমান জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি হাবিবুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন, “মোঃ কামরুল ইসলাম কামুর জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাঁকে দ্বীনের খেদমত ও সমাজসেবামূলক কাজে আরও বেশি তাওফিক দান করেন।” মোনাজাতে এলাকার সকল প্রয়াত মুরব্বি, পিতা-মাতা, আত্মীয়-স্বজন যারা মারা গেছেন তাদের জন্য আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করেন। দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করা হয়। এছাড়াও অধ্যাপক এম. এ. মান্না স্যার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এর রুহের মাগফিরাত কামনা করেন। গাজীপুর সকল বিএনপির নেতা কর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-সমাজের কল্যাণে অব্যাহত অবদানের জন্য বিশেষ দোয়া করা হয়।

স্থানীয় মুসল্লিদের আশা, মোঃ কামরুল ইসলাম কামুর উদ্যোগ, এলাকাবাসীর সহযোগিতা এবং মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনিসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের সহায়তায় আর-রহমান জামে মসজিদের অজুখানার ছাদ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন হবে। এতে মুসল্লিদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং মসজিদটি আরও সুন্দর, আধুনিক ও উপাসনাবান্ধব রূপ লাভ করবে।



















