১ মে ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি
- আপডেট সময় : ১২:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ২১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশ করবে বিএনপি। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
তিনি বলেন, ‘সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে।’
ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।





















