আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ২২১৬ বার পড়া হয়েছে

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দীর্ঘ ২১ বছর ধরে কারাবন্দি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে টঙ্গীর মীতিবাড়ি বটতলা রোডে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ইসলামিক ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠানে। সভার আয়োজন করে টঙ্গী প্রেসক্লাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার—সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি; মোহাম্মদ আবদুর রহিম খান (কালা), সাধারণ সম্পাদক, টঙ্গী সচেতন নাগরিক পরিষদ; এবং মোহাম্মদ আইয়ুব আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। সভায় বক্তব্য রাখেন কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের সন্তান সরকার শাহনুর ইসলাম রনি।
সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মেরাজ উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি শেখ আজিজুল হক।
আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “নুরুল ইসলাম সরকার একজন সৎ, জনদরদী ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তিনি জনপ্রতিনিধি না হয়েও গাজীপুরবাসীর অধিকার আদায়ে কাজ করেছেন। আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন, তবুও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।”
বক্তারা আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাকে দীর্ঘ ২১ বছর ধরে অন্যায়ভাবে বন্দি রেখেছে। এটি স্বাধীন বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা।”
সভাস্থলে উপস্থিত ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল, “বন্দি জীবনের ২০ বছর: গাজীপুরবাসীর হৃদয়স্পন্দন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি চাই।” এসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
বক্তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই মামলার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে যেন নুরুল ইসলাম সরকারকে অবিলম্বে মুক্তি দেওয়া হয়।”
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং শেষ হয় উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের জন্য খাবারের আয়োজনের মাধ্যমে।


















