টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকের মানবিক উদ্যোগে ঈদের খুশি ছড়িয়ে পড়ছে সর্বস্তরে
ঈদ উৎসবের আনন্দ ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন
- আপডেট সময় : ০৯:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ১৯০২ বার পড়া হয়েছে

ত্যাগ, মানবতা, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মহিমান্বিত শিক্ষা নিয়ে আবারও এসেছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ শুধু আনন্দের নয়, ঈদ হলো ত্যাগের শিক্ষা। সমাজের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দে শামিল হতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। সকলকে জানাই ঈদ মোবারক ও পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।” রাজনীতিকে তিনি কেবল ক্ষমতার পথ হিসেবে দেখেন না; বরং মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। দলীয় কর্মসূচি, মিটিং-মিছিল কিংবা যেকোনো সাংগঠনিক সংকটে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কাছে তিনি একজন নির্ভরতার প্রতীক এবং সাহসী সংগঠক হিসেবে পরিচিত।
ঈদকে কেন্দ্র করে তিনি শুধু দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছাই জানাননি, বরং সবাইকে ঈদের দাওয়াতও দিয়েছেন। পাশাপাশি তিনি সমাজের গরিব, অসহায়, মধ্যবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। যারা আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারেননি কিংবা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছেন তাদের খুঁজে বের করে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন তিনি। বিশেষভাবে তিনি সমাজের সেইসব নীরব মানুষদের কথাও ভাবছেন, যারা আত্মসম্মানের কারণে সাহায্য চাইতে পারেন না। এমনকি সমাজসেবায় নিয়োজিত কিছু মানুষও আছেন, যারা নিজে কোরবানি দিতে পারেননি তাদের প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
এ লক্ষ্যে ইতোমধ্যে তিনি নিজস্ব কর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়েছেন এলাকায় এলাকায় খোঁজ নেওয়ার জন্য, যেন কোনো পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। তার এই উদ্যোগকে স্থানীয় জনগণ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বর্তমান সময়ে এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। কারণ ঈদের প্রকৃত শিক্ষা কেবল নিজের আনন্দে সীমাবদ্ধ নয়; বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা।
আবু বকর সিদ্দিকের এই মহৎ উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অনেকে বলছেন, একজন প্রকৃত স্বেচ্ছাসেবক কেবল নামেই নয় কর্মেও মানুষের সেবক হন। আর সেই বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক। ত্যাগের ঈদে তার এই মানবিক বার্তা সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও সহমর্মিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সকলের।




















