টঙ্গী পশ্চিম থানা যুবদলের ব্যাপক প্রস্তুতি সভা “আমাদের নেতা আসবে, গাজীপুর হবে সম্মান ও শৃঙ্খলার অনন্য উদাহরণ”
গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর সফর
- আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোঃ সুমন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান (টিপু)। এ সময় ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ২০ তারিখে গাজীপুরে প্রধানমন্ত্রীর আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গাজীপুর-২ আসনের মানুষের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্ত। তাই এ সফরকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোঃ সুমন বলেন, “আমাদের নেতা আসবে, আমাদের প্রিয় লিডার আসবে। আমরা এমনভাবে তাকে সম্মান জানাতে চাই, যেন গাজীপুরের মানুষের ভালোবাসা, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি দেখে তিনি মুগ্ধ হন। পৃথিবীর ইতিহাসে যেভাবে স্মরণীয় অধ্যায় লেখা হয়, তেমনি এই সফরও গাজীপুরের ইতিহাসে গৌরবের অধ্যায় হয়ে থাকবে।”
সাধারণ সম্পাদক আজিজুর রহমান (টিপু) বলেন, “আমাদের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। কোনো অপশক্তি, নাশকতাকারী কিংবা বিশৃঙ্খলাকারী যেন পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যুবদলের নেতাকর্মীরা লোহার মতো ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে থেকে সফর সফল করবে ইনশাআল্লাহ।” সভায় আরও বলা হয়, গাজীপুর-২ আসনের মানুষের আতিথেয়তা, সৌহার্দ্য ও রাজনৈতিক সচেতনতা যেন দেশবাসীর সামনে ইতিবাচকভাবে উপস্থাপিত হয়, সেজন্য রাস্তাঘাট, যানবাহন চলাচল, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ আরও জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন এবং নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে পুরো আয়োজন পরিচালনা করা হবে। কোনো নিয়ম বহির্ভূত ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে, সেদিকেও কড়া নজরদারি থাকবে। সভা শেষে টঙ্গী পশ্চিম থানা যুবদলের পক্ষ থেকে আগামীকালের জরুরি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়।
বিশেষ জরুরি নির্দেশনা
টঙ্গী পশ্চিম থানা যুবদলের ওয়ার্ড ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে মুক্তার বাড়ি রোডে অবস্থিত টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোঃ সুমনের অফিসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।















