“আমাদের প্রত্যেককেই রনি হতে হবে”—গাজীপুর-২ আসনে বিজয়ের প্রত্যয় এম. মঞ্জুরুল করিম রনির
৪৩নং ওয়ার্ডে ধানের শীষের পথসভা
- আপডেট সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২৫৯ বার পড়া হয়েছে

গাজীপুর-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত এমপি পদপ্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৩নং ওয়ার্ডে গত ৪ ফেব্রুয়ারি রাতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভাকে ঘিরে ওয়ার্ডজুড়ে ছিল ব্যাপক উৎসাহ, প্রস্তুতি ও সংগঠনের দৃশ্যমান তৎপরতা। পথসভা উপলক্ষে আগে থেকেই মাঠে সক্রিয় ছিলেন ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ মহাসিন। তিনি নিজে উপস্থিত থেকে সভাস্থল, লোকবল, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা আগেভাগেই সুসংগঠিত করেন। নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি তার দলবলসহ সভাস্থলে অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজী মোঃ মহাসিন শুধু পথসভার প্রস্তুতিতেই সীমাবদ্ধ ছিলেন না। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, নারী–পুরুষ কর্মী বাছাই ও নজরদারির কাজেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ সংক্রান্ত একাধিক তৎপরতার চিত্র দেখা গেছে।
এছাড়া ধানের শীষের পক্ষে পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণ ও সাঁটানোর কাজেও তাকে নিয়মিত ব্যস্ত থাকতে দেখা যায়। এলাকাবাসীর মতে, গাজী মোঃ মহাসিন বিএনপির যেকোনো নির্বাচনী কার্যক্রমে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে থাকেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের প্রত্যেককেই রনি হতে হবে। আমাদের প্রত্যেককেই বিএনপির নেতা হতে হবে। আমরা সবাই এক নেতায়, এক হিসাব হয়ে কাজ করব। ঘরে ঘরে যাব, মানুষের কাছে যাব, ভোট চাইব।”
তিনি আরও বলেন, “ধানের শীষকে বিজয়ী করতে হবে। ১৯৯১ সালে যেমন গাজীপুর-২ আসনে বিজয় হয়েছিল, ঠিক তেমনই এবারও বিজয় ছিনিয়ে আনতে হবে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত রাজনীতির ওপর জোর দিয়ে বলেন, বিএনপির শক্তি তৃণমূলে, আর সেই তৃণমূলকে সঙ্গে নিয়েই বিজয় নিশ্চিত করা সম্ভব।
পথসভাকে ঘিরে ৪৩ নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভাকে প্রাণবন্ত করে তোলে।
৪৩ নং ওয়ার্ডে এই পথসভা গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল নেতৃত্বের সক্রিয়তা ও প্রার্থীর স্পষ্ট দিকনির্দেশনায় ধানের শীষের পক্ষে গণসংযোগ আরও জোরদার হবে, এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।




















