টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০৮:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২২০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

টঙ্গীর কলেজগেট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছিল ঘোড়া গাড়ি, ঢাক-ঢোল, দেশাত্মবোধক গান ও বিভিন্ন স্লোগানের ধ্বনি। “জিয়াউর রহমানের আদর্শ অম্লান”, “খালেদা জিয়া’র কথা এক কাজও এক”, “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন”, “বিএনপির জয় হোক”— এমন অসংখ্য স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শোভাযাত্রার নেতৃত্ব দেন শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, বিএনপি নেতা সফি খান, জসিম উদ্দিন ভাট, যুবদল নেতা সৌমিক সরকার, মুহাম্মদ আলী, বি. এম শামীম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মোমিনুর রহমান মোমিন, যুবদল নেতা অভি দেওয়ান প্রমুখ।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। শুধু দলের নেতা-কর্মীরাই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন। দোকানপাটের ব্যবসায়ী থেকে শুরু করে পথচারী— সবাই রাস্তায় নেমে শোভাযাত্রা উপভোগ করেন। মিছিলের বিশাল ব্যানার ও দেশাত্মবোধক সঙ্গীতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন—
“আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। জনগণের কল্যাণের জন্যই আমাদের এই সংগ্রাম। দল যাকে প্রার্থী করবে, আমরা তাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করবো।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এ শোভাযাত্রা টঙ্গীজুড়ে এক অনন্য উদ্দীপনার সৃষ্টি করে। উপস্থিত জনস্রোতে মহাসড়ক কার্যত অচল হয়ে যায় এবং স্থানীয়ভাবে এক নজিরবিহীন সমাগম ঘটে।











