উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি-বস্তির শিশুদের ফ্রি শিক্ষা, স্কুটি সহায়তা ও নৈতিক গঠনের লক্ষ্য নিয়ে গড়ে উঠছে ‘সিটি কর্পোরেশন স্কুল’
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপের জমকালো উদ্বোধন: পুবাইলের দাপুটে জয়, সিটি কর্পোরেশন স্কুল নির্মাণের ঘোষণা
- আপডেট সময় : ০৯:০০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২২৩৫ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে টঙ্গীতে আয়োজন করা হয় প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ৩টায় টঙ্গীর হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন ব্যাংকের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির শীর্ষ নেতা, প্রভাষক বশির উদ্দিন, সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি, ড. হাফিজুর রহমান, গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রাশেদুল ইসলাম কিরণ, স্থানীয় সমাজসেবক, লিয়াকত হোসেন, সভাপতি, ৪৬নং ওয়ার্ড বিএনপি, এছাড়াও স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও সাধারণ দর্শকদের উপস্থিতিতে মাঠ পুরোপুরি উৎসবমুখর হয়ে ওঠে।
উদ্বোধনী ম্যাচে পুবাইল একাদশের দুর্দান্ত জয়, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পুবাইল একাদশ বনাম জয়দেবপুর একাদশ। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে পুবাইল একাদশ ৫–০ গোলের ব্যবধানে জয়দেবপুরকে হারায়। দর্শকদের ব্যাপক উপস্থিতি, খেলোয়াড়দের নৈপুণ্য আর আয়োজকদের দুর্দান্ত ব্যবস্থাপনায় মাঠজুড়ে ছিল উৎসবের পরিবেশ।
টঙ্গী বিসিকে ‘সিটি কর্পোরেশন স্কুল’ নির্মাণ, ফ্রি শিক্ষা, স্কুটি সহায়তা ও নৈতিক মূল্যবোধ গড়ার উদ্যোগ, উদ্বোধনী বক্তৃতায় প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী গাজীপুরের শিশুদের শিক্ষা, উন্নয়নে একটি বড় ঘোষণা দেন।
তিনি জানান, টঙ্গী বিসিক এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে নির্মাণ করা হচ্ছে “সিটি কর্পোরেশন স্কুল”। এই স্কুলে থাকবে, বস্তি ও নিম্নআয়ের পরিবারের শিশুদের সম্পূর্ণ ফ্রি শিক্ষা, বিনামূল্যে বই, খাতা, ব্যাগ, ইউনিফর্ম, স্কুলে নিয়মিত আসার সুবিধার জন্য শিক্ষার্থীদের স্কুটি সহায়তা, আধুনিক শ্রেণিকক্ষ ও নিরাপদ পরিবেশ, নৈতিকতা, মানবিকতা, সমাজসেবা, শৃঙ্খলা ও ভালো কাজে সম্পৃক্ত হওয়ার বিশেষ শিক্ষা।
প্রশাসক বলেন, “আমরা চাই এই এলাকার শিশুরা খারাপ পরিবেশ বা অনাচারের দিকে না গিয়ে মানুষের মতো মানুষ হয়ে সমাজের কল্যাণে কাজ করুক। সঠিক শিক্ষা পেলে বস্তির শিশুরাও দেশ গড়ার শক্তি হয়ে উঠতে পারে।” তিনি আরও বলেন, “শিক্ষা ও খেলাধুলা; এই দুই শক্তিই তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে।”




















