টঙ্গী কলেজগেটের ময়মনসিংহ রোডে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিশাল মানববন্ধন—‘অবৈধ রায় মানি না, মানবো না’ স্লোগানে মুখরিত রাজপথ, বৈধ আসন গাজীপুর-৬ পূর্ণবহালের দাবিতে ঐক্যবদ্ধ জনতা
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে উত্তাল টঙ্গী: অবৈধ রায় বাতিলের আহ্বান
- আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২১৩৩ বার পড়া হয়েছে

গাজীপুর-৬ আসনের পূর্ণবহাল ও হাইকোর্টের অবৈধ রায় বাতিলের দাবিতে গাজীপুরের সর্বস্তরের জনগণ, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশাল মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। আজ বুধবার সকাল ১০টায় টঙ্গী কলেজগেট এলাকায়, ঢাকা-ময়মনসিংহ রোডের মাঝখানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। এতে হাজারো জনতার অংশগ্রহণে এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন,
“অবৈধ রায় মানি না, মানবো না!”,
“গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে!”,
“সংসদ নির্বাচন বন্ধের ষড়যন্ত্র রুখে দাও!”
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি সালাহউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রভাষক বসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন হাওলাদারসহ অসংখ্য অঙ্গসংগঠনের নেতাকর্মী।
বক্তারা বলেন, “গাজীপুর-৬ আসন জনগণের বৈধ অধিকার ও জনসংখ্যার ভিত্তিতে প্রতিষ্ঠিত। আদালতের অবৈধ রায় গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। জনগণের ঐক্যের শক্তিতেই এই রায় প্রত্যাহার করতে হবে।”
সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন, “গাজীপুর-৬ আসন টঙ্গীবাসীর আত্মমর্যাদার প্রতীক। আমরা ঐক্যবদ্ধভাবে লড়বো, ইনশাআল্লাহ গাজীপুর ৬ আসন বহাল থাকবে।”
প্রভাষক বশির উদ্দিন বলেন, “এটি শুধু রাজনৈতিক লড়াই নয়, টঙ্গীবাসীর ন্যায্য অধিকার রক্ষার লড়াই। অবৈধ রায় মানি না, মানবো না।”
গাজীপুরবাসীর দাবি, বৈধ গেজেট প্রকাশের পর হাইকোর্টের রায় সম্পূর্ণ অনভিপ্রেত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত কিছু বিচারপতি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় আইনের বাইরে গিয়ে অবৈধ রায় দিচ্ছেন।” গাজীপুর-৬ আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপির অন্তত পাঁচজন ও জামায়াত ইসলামের প্রার্থীও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। সকাল ১১টার দিকে সাত দিনের আলটিমেটাম ঘোষণা দিয়ে মানববন্ধন ও মিছিল সমাপ্ত হয়।
বক্তারা ঘোষণা দেন, “গাজীপুর-৬ আসনের পক্ষে আমরা সকলেই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ, এই ঐক্যের শক্তিতেই আসবে বিজয়।”











