মানবতার পক্ষে, অন্যায় ও অবহেলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান
নবযাত্রা সামাজিক ফাউন্ডেশনের মহতী যাত্রা শুরু: সমাজসেবায় নতুন আলোর দিগন্ত
- আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ২৪৬৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর বনমালা রোডের মধুর মার মাজার পূর্বপাড়ার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নবগঠিত সামাজিক সংগঠন “নবযাত্রা সামাজিক ফাউন্ডেশন”-এর পরিচিতি ও দিকনির্দেশনামূলক সভা। অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও সমাজকল্যাণভিত্তিক একটি মহতী উদ্যোগ, যার উদ্দেশ্য দরিদ্র, নিপীড়িত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, স্বাস্থ্য উদ্যোক্তা এবং ইসলামী আন্দোলন নেতা আলহাজ্ব ডা. মোঃ সিদ্দিকুর রহমান। তিনি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি এবং ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (টঙ্গী পশ্চিম থানা) শাখার সভাপতি এবং পাশাপাশি আলকারীম ইসলামী হাসপাতালের চেয়ারম্যান ও ইসলামি আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিজ্ঞতা, মানবিক চেতনা ও জনকল্যাণে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট এক শ্রদ্ধেয় নাম।
এই সংগঠনের সার্বিক দিক নির্দেশনা, পরিকল্পনা এবং নীরব ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক মোহাম্মদ আজগর। তিনি প্রচারের আলো এড়িয়ে ছায়ার মতো সমাজের বিভিন্ন স্তরে নীরবে সেবা দিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর নিকট তিনি এক নিঃস্বার্থ, নিরব সমাজকর্মী হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী শিকদার, যিনি সংগঠনের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ সাইফ। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রানা, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ ফজলু, চন্দনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পাঠ করেন মাওলানা মোস্তফা সাহেব।
নবযাত্রা সামাজিক ফাউন্ডেশন তার কার্যক্রমের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষদের জন্য মানবিক সেবা পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সংগঠনটি অসহায়, বেওয়ারিশ কিংবা গরিব মানুষের মৃতদেহ দাফন থেকে শুরু করে কবর খোঁড়া, জানাজা ও সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেবে। সমাজে কেউ যদি বিয়ে দিতে না পারে, তবে নবযাত্রা ফাউন্ডেশন সম্পূর্ণ সহযোগিতায় এগিয়ে আসবে। ঈদুল আযহায় গরিব মানুষের ঘরে কোরবানির মাংস পৌঁছে দেওয়া এবং ঈদুল ফিতরে সেমাই, চিনি, নারিকেলসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে সংগঠনটি সামাজিক সমতার বার্তা দিতে চায়।
এছাড়াও, সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, বিশৃঙ্খলা ও অপরাধ নির্মূলে সংগঠনটি কঠোর অবস্থান নেবে। কেউ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা মাদক বেচাকেনার সাথে জড়িত থাকলে, তাকে আইনের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করে সংগঠনের নেতৃবৃন্দ। তারা জানান, নবযাত্রার সদস্যরা কখনো অপরাধে লিপ্ত হবেন না, বরং সমাজকে অপরাধমুক্ত করতে সক্রিয় থাকবেন।
নবযাত্রা সামাজিক ফাউন্ডেশন একটি আন্তরিক, মানবিক ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। একটি সুন্দর, সুশৃঙ্খল, সেবাপূর্ণ সমাজ গঠনে সংগঠনটি জনগণের পাশে থেকে কাজ করবে, এই আশায় এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো সঞ্চার হয়েছে।




















