‘ধর্ম যার যার, উৎসব সবার’ শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা তাঁতী দল নেতৃবৃন্দের
- আপডেট সময় : ১১:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৫৯৭ বার পড়া হয়েছে

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দ। শ্রী শ্রী মিত্রবাড়ী মহাশ্মশান দুর্গা মন্দিরে মহাশ্মশান দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা এবং টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইউনুছসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তাঁরা সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি উৎসবের শেষ দিন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকা এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের উৎসবের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মধ্য দিয়েই গড়ে উঠবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ। তাঁতী দল সবসময় মানুষের কল্যাণে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
পরিশেষে তাঁরা মহাশ্মশান দুর্গাপূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




















