তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক — তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরিফ হোসেন হাওলাদারের
- আপডেট সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২১২৯ বার পড়া হয়েছে

নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব-পশ্চিম, পুবাইল, গাছা) সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে গাজীপুর মহানগর মহিলা দল (টঙ্গী পূর্ব-পশ্চিম, গাছা, পুবাইল থানা)। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনে এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।

সভায় বক্তারা নতুন আসন গঠনের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এখানকার বিপুল ভোটার সংখ্যা বিবেচনা করে নতুন সংসদীয় আসন যুক্ত হওয়ায় এলাকার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, “দলের জন্য আমি বহুবার কারাভোগ করেছি, শারীরিক অসুস্থতা সত্ত্বেও মাঠে থেকেছি। কখনো ১৭ মাস, কখনো ২০ মাস পর্যন্ত জেল খেটেছি। দলের স্বার্থে জান-প্রাণ দিতে আমি প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব। আমাকে যেখানেই কাজে লাগানো হবে, আমি সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করব। নমিনেশন পাওয়া আমার একমাত্র লক্ষ্য নয় — দলের যে কেউ যোগ্য প্রার্থী হলে আমি তার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের দেওয়া ৩১ দফা ও ১৯ দফা কর্মসূচি এবং অন্যান্য লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যেন তরুণ প্রজন্ম তাদের প্রথম ভোট ধানের শীষে দেয়।
অনুষ্ঠানে মহিলা নেত্রীরা আরিফ হাওলাদারের ত্যাগ ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, “তিনি আমাদের জন্য বহুবার জেল খেটেছেন, মামলা মোকাবিলা করেছেন। যদি তিনি নমিনেশন পান, আমরা জীবন বাজি রেখে কাজ করব। আর দলের অন্য কোনো ভালো মানুষ মনোনয়ন পেলে তাকেও সমানভাবে সমর্থন করব।”
সভায় সভাপতিত্ব করেন সুলতানা বেগম কনা, সভাপতি, টঙ্গী পূর্ব থানা মহিলা দল। উপস্থিত ছিলেন—খাদিজা আক্তার বিনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল। সুহেলি সুলতানা, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল, সালেহা বেগম, গাছা থানা মহিলা দল, রাবেয়া বেগম, সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল, মোছাঃ জানু বেগম, সাংগঠনিক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল। মোছাঃ হালিমা বেগম, দপ্তর সম্পাদক, টঙ্গী পূর্ব থানা মহিলা দল (কোরআন তেলাওয়াতকারী), এছাড়া রিনা বেগম, সালমা, তাসলিমা, রেখা, মোরশেদা, মমতাজ বেগমসহ বহু নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয় সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি।











