টঙ্গীতে ফরমা ইমন শিকদারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
টঙ্গীতে ফরমা ইমন শিকদারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ নম্বর ওয়ার্ডবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ১০:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ২২১২ বার পড়া হয়েছে

টঙ্গীর বনমালা রোডে মধুর মার মাজার এলাকা থেকে রেলগেট পর্যন্ত ফরমা ইমন শিকদারের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ব্যক্তি অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে ফরমা ইমন শিকদারকে “অসামাজিক কর্মকাণ্ড, সুদের ব্যবসা, মিথ্যা মামলা, মাদক কারবার ও চাঁদাবাজির মূল হোতা” হিসেবে উল্লেখ করে, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি এবং ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ টঙ্গী পশ্চিম থানা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “আমরা সামাজিক শান্তি ও নিরাপত্তা চাই। যারা সমাজের জন্য হুমকি, তাদের রক্ষা করা যাবে না। ফরমা ইমনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।”
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাবিব মোল্লা (যুবদল নেতা), হাজী আবুল হোসেন, মোহাম্মদ আজগর আলী (ব্যবসায়ী), বাচ্চু শিকদারসহ আরও অনেকে। বক্তারা বলেন, ফরমা ইমন শিকদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। তিনি বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে, টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ উঠে।
মোহাম্মদ আজগর আলী জানান, “গত ৮ মে ফরমা ইমনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। সে পুলিশের সোর্স নাম দিয়ে অপকর্ম করে যাচ্ছে।”
মানববন্ধনকারীরা আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফেরাতে ফরমা ইমনের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি। তারা দাবি করেন, আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে থেকে ইমন শিকদার সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন।
সকল বক্তার অভিন্ন দাবি, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।

















