টঙ্গীতে গার্মেন্টস কর্মীর আত্মহত্যার চেষ্টা: পারিবারিক কলহ ও নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ১০:১২:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২২৪৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের এরশাদনগর ৭নং ব্লকে শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে মোসাম্মৎ আফসানা (২৫) নামে এক গার্মেন্টস কর্মী নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, আফসানার স্বামী মোহাম্মদ নূরুল ইসলাম (তাজু) নেশাগ্রস্ত এবং প্রায়ই স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকে। বড় ভাই মোহাম্মদ রাজু বলেন, “আমার ভাই তাজু নেশা করে এবং প্রায় সময় বাবাকে ও আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে রূঢ় ব্যবহার করত। মা জীবিত থাকা অবস্থায়ও সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। শুক্রবার রাতে আফসানা নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়। তখন আশেপাশের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে।”

বড় ভাই মোঃ রাজু
উদ্ধারকারী প্রতিবেশীরা জানান, তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় পাঠানো হয়, কিন্তু সেখানে এমআরআই সুবিধা না থাকায় পরবর্তীতে ‘হোম কেয়ার’ নামে এক বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আফসানাকে বাসায় ফিরিয়ে আনা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আফসানা প্রায়ই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করতেন। বর্তমানে তারা যৌথ পরিবার থেকে আলাদা হয়ে গেছেন। পরিবারের পিতা আবুল হাসেম মোল্লা ছিলেন পেশায় রিকশাচালক এবং তার স্ত্রী গত ১৮জুলাই ইন্তেকাল করেন। রাজু জানান, “আমার বাবা আমার সঙ্গে থাকেন। আমি চাই না তিনি অন্য কারও সংসারে বোঝা হয়ে থাকুন।”
স্থানীয়রা আরও জানান, আফসানার স্বামী তাজুর নেশাসক্ত আচরণ ও পারিবারিক অশান্তির কারণে সংসারে প্রায়ই উত্তেজনা সৃষ্টি হতো। এমন পরিস্থিতিতে আফসানা মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন বলে তাদের ধারণা। ঘটনার বিষয়ে টঙ্গী এলাকার স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ ধরনের পারিবারিক অশান্তি সমাজে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। মাদক ও পারিবারিক সহিংসতা থেকে মুক্তি পেতে সমাজে সচেতনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা জরুরি।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, টঙ্গীর এরশাদনগর এলাকায় ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।



















