টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় স্থানীয় যুবদল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাকে ও তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন। গত ২১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত তার বিরুদ্ধে অভিযোগসংক্রান্ত সংবাদ এবং থানায় দেওয়া একটি লিখিত অভিযোগের বিষয়ে তিনি আপত্তি জানান।
তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল) বলেন, আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ না করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান।



















