“শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়” (সহিহ মুসলিম), দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট | কাদেরিয়া মাঠে জমকালো আয়োজন | প্রধান অতিথি রাতুল আহমেদ ভূঁইয়া | চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ
খেলাধুলায় তারুণ্যের মুক্তি, মাদকমুক্ত সমাজের প্রত্যয়
- আপডেট সময় : ০৭:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২১৬৯ বার পড়া হয়েছে

তারুণ্যকে সুস্থ, শৃঙ্খলাবান ও নৈতিক পথে পরিচালিত করার প্রত্যয়ে দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে টঙ্গীর কাদেরিয়া মাঠে বিপুল দর্শকসমাগমের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা রাতুল আহমেদ ভূঁইয়া। মাঠজুড়ে তাঁর উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে যুবসমাজের প্রতি দিকনির্দেশনামূলক বার্তায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খোরশেদ আলম, সোহেল চৌধুরী, রাকিবুল হাসান রাকিব, ফয়সাল আহমেদ রুবেল, শেখ ফরিদ, আরাফাত রহমান আদনান, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা রুবাইয়াত খৈয়ম রুমন, পশ্চিম থানা যুবদল নেতা মমিন চিশতীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খোরশেদ একাদশ ও ফারুক একাদশ। নির্ধারিত সময়ের টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ৩–১ গোলে ফারুক একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে খোরশেদ একাদশ। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রাতুল আহমেদ ভূঁইয়া বলেন, “খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। খেলাধুলার জন্য আমাদের ডাকলে আমরা সব সময় পাশে থাকব। যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রাখলে তারা নষ্ট হয়ে যায়। সমাজকে সুন্দর ও নৈতিকভাবে গড়ে তুলতে খেলাধুলা অপরিহার্য।” তিনি আরও বলেন, ইসলাম সুস্থ দেহ ও সুস্থ মানসিকতার ওপর গুরুত্ব দিয়েছে। আল্লাহ তায়ালা যেমন আত্মবিনাশ নিষেধ করেছেন, তেমনি সুস্থ জীবনযাপনের পথও দেখিয়েছেন। খেলাধুলা সেই পথেরই একটি বাস্তব অনুশীলন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ফ্রিজ, টিভি পুরস্কার তুলে দেন এবং দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে যুবসমাজ গঠনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সাকিল বাহাদুর। এই ক্রীড়া আয়োজন আবারও প্রমাণ করেছে—খেলাধুলা কেবল প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও নৈতিক সমাজ গঠনের এক শক্তিশালী মাধ্যম।















