টঙ্গীর মাইশা হাসপাতালে অপারেশনের পর তরুণীর মৃত্যু; নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার এলাকাবাসী
সেলিনার মৃত্যুর রহস্য উদঘাটন হোক, দোষীদের বিচার চাই
- আপডেট সময় : ১১:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর মাইশা জেনারেল হাসপাতালে জরায়ুর টিউমার অপারেশনের পর ২১ বছর বয়সী সেলিনা খাতুনের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি সেলিনার। একই সঙ্গে ঘটনাটি অর্থের বিনিময়ে মীমাংসার অভিযোগ নতুন করে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এলাকাবাসী বলছেন, “সেলিনার মৃত্যুর রহস্য উদঘাটন করতে হবে, সত্য গোপন নয় সত্য প্রকাশ চাই।” তাদের মতে, একজন রোগী চিকিৎসা নিতে গিয়ে কীভাবে মৃত্যুর মুখে পতিত হলেন, তার সঠিক কারণ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। স্থানীয় সচেতন মহল মনে করে, বিষয়টি শুধু একটি পরিবারের শোকের ঘটনা নয়; এটি জনস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সঙ্গেও জড়িত। তাই তারা বলছেন, “চিকিৎসা অবহেলা থাকলে বিচার চাই, দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
এলাকাবাসীর দাবি, সেলিনা খাতুনের মৃত্যুর ঘটনায় একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করে অপারেশন, চিকিৎসা পদ্ধতি এবং সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হোক। যদি কোনো ধরনের চিকিৎসাগত গাফিলতি, দায়িত্বহীনতা বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ঘটনায় স্থানীয়দের কণ্ঠে এখন একটাই দাবি। “ন্যায়বিচার ছাড়া আপস নয়, সেলিনার মৃত্যুর সঠিক কারণ জানতে হবে।” তারা আরও বলেন, সত্য উদঘাটন এবং দোষীদের জবাবদিহিতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। তাই প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেন তারা। সত্যের জয় হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।

















