"মানুষের দোয়া আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। শাসক নয়, সেবক হতে চাই। প্রতিশ্রুতি নয়, কাজ দিয়েই প্রমাণ দিতে চাই।"
শাসক নন, সেবক হতে চান তিনি ৪৪ নম্বর ওয়ার্ডের পরিবর্তনের স্বপ্নে মো. ফরহাদ হোসেন
- আপডেট সময় : ১২:৩৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৬১৭ বার পড়া হয়েছে

এই অঙ্গীকার নিয়েই গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে চলেছেন মো. ফরহাদ হোসেন। তিনি টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তাঁর ভাষায়, “পরিবর্তনের ৪৪ নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ড আমরাই পরিবর্তন করব।” রাজনীতিকে তিনি কেবল ক্ষমতার পথ হিসেবে দেখেন না; বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন বলে জানান। তাঁর দাবি, সাদা পাঞ্জাবির মতোই তিনি নিজের নিয়তকে স্বচ্ছ রাখতে চান।
মানুষের জন্য কাজই তাঁর পরিচয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, রাস্তা সংস্কার, ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করেছেন। আলের টেক এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে ড্রেন পরিষ্কার, সংস্কার এবং ড্রেনের ওপর স্ল্যাব স্থাপনের উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকার কথাও স্থানীয়রা উল্লেখ করেন। এসব কাজের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানোর চেষ্টা করেছেন বলে তারা মনে করেন।
আলোয় আলোকিত হোক প্রতিটি পথ। রাতের অন্ধকারে মানুষের নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে বিভিন্ন সড়ক ও বৈদ্যুতিক খুঁটিতে নিজ উদ্যোগে আলোর ব্যবস্থা করেছেন বলে তিনি জানান। তাঁর বিশ্বাস, আলোকিত রাস্তা শুধু চলাচল সহজ করে না, অপরাধও কমাতে সহায়ক হয়। একই সঙ্গে তিনি স্থানীয় পর্যায়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেছেন।
ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি। জুমার দিন, আশুরা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন তিনি। গোপালপুর পূর্বপাড়ায় এক মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে তিনি এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। জুমার শুভেচ্ছা জানিয়ে তিনি প্রায়ই বলেন, “জুম্মা মোবারক, ৪৪ নম্বর ওয়ার্ডবাসী। আল্লাহ আমাদের সবাইকে মানবসেবার তাওফিক দান করুন।” সহকর্মীর জন্য দোয়ার আবেদন। সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড সচিব ইমরান হোসেন সজিব একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে গভীর উদ্বেগ প্রকাশ করেন মো. ফরহাদ হোসেন।
তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণের তাওফিক দেন। সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক দোয়া কামনা করছি।”
তাঁর অঙ্গীকার। তিনি বিশ্বাস করেন, মানুষের আস্থা অর্জনের একমাত্র উপায় হলো কাজ। তাঁর কথায়, “আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকব। শাসক নয়, সেবক হতে চাই। প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ দেব।” আরও বলেন, “আমি মো. ফরহাদ হোসেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই পথ চলতে চাই। সাদা পাঞ্জাবির মতো নিয়ত সাফ রেখে রাজনীতিতে এসেছি। দোয়া করবেন, যেন মানুষের আমানতের খেয়ানত না করি।”
একটি স্বপ্ন। একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আলোকিত ও মানবিক ৪৪ নম্বর ওয়ার্ড এটাই তাঁর স্বপ্ন। যেখানে ড্রেন থাকবে পরিষ্কার, রাস্তা থাকবে চলাচল উপযোগী, অসহায় মানুষ পাবে সহযোগিতা, রাতের পথ হবে আলোকিত এবং প্রতিটি নাগরিক নিজেকে নিরাপদ মনে করবে। তিনি মনে করেন, নেতৃত্বের প্রকৃত মূল্য ক্ষমতায় নয়; মানুষের মুখে হাসি ফোটাতে পারার মধ্যেই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়।
“পরিবর্তনের ৪৪ নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ড, আমরাই পরিবর্তন করব।” এই স্লোগানকে সামনে রেখে মানুষের পাশে থাকার প্রত্যয়ই তাঁর পথচলার মূল শক্তি বলে তিনি উল্লেখ করেন।





















