ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে ধীরে ধীরে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। শনিবার পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন। রোববার (৭ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জনের দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের হজযাত্রীদের অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন। এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বাকি হাজিরাও দেশে ফিরবেন।
হজ পোর্টালের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ৩৭ হাজার ৪৩৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস নির্ধারিত ফ্লাইট পরিচালনা করছে। এখন পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইট সম্পন্ন হয়েছে।
হজ পালন করতে গিয়ে বাংলাদেশি হাজিদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। তথ্য অনুযায়ী, মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন বাংলাদেশি হজযাত্রী।
স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে। মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে শনিবার পর্যন্ত ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হাজি।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক হাজি তাদের হজের অভিজ্ঞতা গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বিশেষ করে নিরাপত্তা, পরিবহন, আবাসন ও স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।
সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করে ফেরা অনেক হাজি জানিয়েছেন, এই পদ্ধতিতে বিভিন্ন সেবা ও সমন্বয় সহজে পাওয়া যায়। তাঁদের ভাষায়, "সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করলে প্রয়োজনীয় সহযোগিতা দ্রুত পাওয়া যায়। ভবিষ্যতে যারা হজে যেতে চান, তারা এ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারেন।"
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাকি হজযাত্রীরাও নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী দেশে ফিরবেন এবং ফিরতি কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com