বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গাজীপুরের টঙ্গীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার। তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী করতে হবে, গাজীপুর-৬ আসনকে মাদকমুক্ত করতে হবে, এটাই আমাদের জিহাদ।”
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার। সভাপতিত্ব করেন ৫২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুল, সঞ্চালনা করেন পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজজামান নূর। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল বাতেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাষ্ট্রকাঠামো সংস্কারের যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তা বাস্তবায়নই বর্তমান সময়ের প্রধান প্রতিশ্রুতি। একই সঙ্গে তাঁরা জানান, ক্ষমতায় এলে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবেন না, যাতে স্বৈরাচারী প্রবণতার পুনরাবৃত্তি না ঘটে।
প্রধান অতিথি আরিফ হাওলাদার বলেন, “যার হাতে ধানের শীষের প্রতীক থাকবে, আমরা তার জন্য সর্বশক্তি নিয়োগ করব। গাজীপুর-৬ আসনে ধানের শীষকে অবশ্যই বিজয়ী করতে হবে।” তিনি আরো ঘোষণা দেন, গাজীপুর-৬ আসনকে মাদকমুক্ত করতে হবে। যারা মাদক ব্যবসা বা সন্ত্রাসে জড়িত, তাদের দলের মধ্যে কোনো স্থান দেওয়া হবে না।
সভায় নেতারা অভিযোগ করেন, জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। তবে জনগণ তাদের প্রতিহত করবে।
বক্তারা আরিফ হাওলাদারকে একজন সৎ, ধর্মপ্রাণ ও ত্যাগী রাজনীতিক হিসেবে উল্লেখ করেন। চাঁদাবাজি, মাদক বা লুটপাটের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান তাঁরা। নেতারা আশা প্রকাশ করেন, যদি গাজীপুর-৬ আসনে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তবে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করবেন।
সভায় উপস্থিত বক্তারা আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। এজন্য জনগণের পাশে দাঁড়াতে হবে এবং মাঠপর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com