মাদক, নেশা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে তরুণ সমাজকে খেলাধুলার মাঠে ফেরানো ছাড়া কোনো বিকল্প নেই, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে টঙ্গীর সিটি কর্পোরেশন স্কুল মাঠ ও চেরাগ আলী ব্যাংক মাঠে গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ফুটবলসহ ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। খেলাধুলা হারিয়ে গেলে তরুণরা নেশার পথে যায়। তাই নতুন উদ্দীপনায় খেলাধুলাকে ফিরিয়ে আনতেই হবে।” তিনি বলেন, “গার্মেন্টসে চাকরি করে শ্রমিকরা খেলাধুলার সুযোগ পায় না। আজ তারা মাঠে নেমেছে, এক দল জিতেছে, আরেক দল হেরেছে। এতে কারও মনে কষ্ট নেই। সবচেয়ে বড় অর্জন হলো, তারা খেলেছে, হাসতে পেরেছে, মাঠে সময় কাটাতে পেরেছে। এটিই বড় পাওয়া।”
মাঠের বাস্তব পরিবর্তনের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “এই মাঠেই একসময় ময়লার স্তুপ ছিল, ছিল মাদকসেবীদের আড্ডা। আজ এখানে ফুটবল হচ্ছে। খেলাধুলা থাকলে মাদক থাকে না, অপরাধ থাকে না, এই মাঠই তার প্রমাণ।”
গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে অঙ্গীকার করে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “আমি নির্বাচনে জয়ী হয়ে এমপি হয়ে এলে গার্মেন্টস শ্রমিক ও কর্মীদের যত ধরনের সমস্যা আছে। সব সমাধান করে দেব, ইনশাল্লাহ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।”
নগর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “গাজীপুরে ট্রেন যোগাযোগসহ সব অবকাঠামো আধুনিক ও উন্নত মানের করে গড়ে তোলা হবে। আর একটি কথা পরিষ্কার, গাজীপুরে আর কখনো রাস্তাঘাটে পানি জমে থাকবে না। এমন ড্রেনেজ ব্যবস্থা করা হবে, যাতে বৃষ্টির পানি সঙ্গে সঙ্গে নিষ্কাশন হয়ে যায়।” তিনি বলেন, “আমি কথা দিয়ে কথা রাখার রাজনীতিতে বিশ্বাস করি। ফুল ফুটিয়ে জয়ী হয়ে সংসদে গেলে গাজীপুর হবে খেলাধুলা, শ্রমিক অধিকার ও উন্নয়নের মডেল নগরী।”
আকর্ষণীয় গার্মেন্টস শ্রমিক প্রীতি ফুটবল ম্যাচ
এদিন M. A. Mannan Welfare Foundation–এর আয়োজনে গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণে টঙ্গী একাদশ বনাম জয়দেবপুর একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয়লাভ করে টঙ্গী একাদশ। পরে প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী ফারুক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুর রউফ বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গার্মেন্টস শ্রমিক নেতারা, ক্রীড়ানুরাগী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা স্পষ্ট, খেলার মাঠ থেকেই সমাজ বদলাবে তাই অনুষ্ঠান শেষে স্থানীয় ক্রীড়ানুরাগী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠকেন্দ্রিক এই উদ্যোগ শুধু নির্বাচনী কর্মসূচি নয়, এটি মাদকবিরোধী সংগ্রাম, শ্রমিক অধিকার ও নগর উন্নয়নকে একসূত্রে বাঁধার একটি শক্ত রাজনৈতিক বার্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com