পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেন, “হে মুমিনগণ! তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও” (সূরা আন-নিসা : ১৩৫)। এই ন্যায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধের আদর্শকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের গাজীপুর আগমন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে টঙ্গী এলাকায় কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সভা সঞ্চালনা করেন গাজীপুর–২ আসনের বিএনপির এমপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার এবং আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইসলাম বিশৃঙ্খলা নয়, শৃঙ্খলা শিক্ষা দেয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজের মধ্যে শৃঙ্খলা ও সৌন্দর্য পছন্দ করেন” (মুসলিম)। সেই শিক্ষাকে ধারণ করেই দেশনায়ক তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ শালীনতা, ঐক্য ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সভায় আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, যানবাহন ব্যবস্থাপনা, রাস্তা ও পরিবেশ সৌন্দর্যায়ন, জনসভাস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের নেতৃত্ব আমানত। কোরআনে বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত তার যোগ্য লোকদের কাছে অর্পণ করার নির্দেশ দেন” (সূরা আন-নিসা : ৫৮)। তারেক রহমান সেই আমানতের নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২৭ জানুয়ারি গাজীপুর রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান করবেন। কোনো প্রকার হইচই, হুড়োহুড়ি, বিশৃঙ্খলা বা শৃঙ্খলাভঙ্গ করা যাবে না। সবাই মাঠে বসে ধৈর্য ও সৌন্দর্য বজায় রেখে অনুষ্ঠান সফল করবেন।
নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রস্তুতি সভা নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে। এখন থেকেই ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে দেশনায়ক তারেক রহমানের গাজীপুর আগমনকে একটি ঐতিহাসিক গণজাগরণে রূপ দেওয়ার আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতাকর্মীরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেন, “সবার আগে বাংলাদেশ, ভোট দিলে দেশ গড়ব, ধানের শীষে মিলেমিশে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com