গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত কলেজের নিজস্ব মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ সুরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর। ক্রীড়া শিক্ষক মোশারফ আলী ও সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১০৫টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলী। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশবরেণ্য সংগীতশিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মোঃ আলমগীর হোসেন, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, আহসান হাবিব, পাপিয়া আক্তার, সহকারী শিক্ষক ইকবাল ইউসুফ বাবু, খেলাধুলার বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান ও জাহাঙ্গীর আলম, এছাড়াও প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com