ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব র্যালিতে’ ব্যাপক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে সাংগঠনিক উপস্থিতির জানান দিয়েছে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে সংসদ ভবন অভিমুখে আয়োজিত এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
র্যালিতে গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক, সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির ও বিএনপির সভাপতি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে এবং নির্দেশনায় মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমনের নেতৃত্বেও নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
র্যালিতে বিশেষভাবে আলোচনায় ছিলেন গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ূন কবির। তাঁর নেতৃত্বে ৫০ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ কর্মসূচিতে আলাদা উপস্থিতি তৈরি করে। তিনি নিজেও ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নেতাকর্মীদের নিয়ে তাঁর অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চিত্র ফুটে ওঠে।

কাজী হুমায়ূন কবির বলেন, দলের যেকোনো কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করাই আমাদের অঙ্গীকার। কর্মীদের ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই একজন নেতার পথচলার বড় প্রেরণা। র্যালি সফল করতে যাঁরা শ্রম দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কাজী হুমায়ূন কবির বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির চেতনা জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা জোগায়। শহীদ জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শ ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস।”
এদিকে, ৭ নভেম্বর উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৯৭৫ সালের ঐতিহাসিক ঘটনাবলির গুরুত্ব তুলে ধরে বলেন, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের পথ নির্মাণ করতে হবে। তাঁর বাণীতে জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার, জনগণের ভোটাধিকার এবং জাতীয় ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পায়। তিনি অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক, মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেন।
রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সাংগঠনিক সমন্বয়ই একটি দলের সাংগঠনিক কার্যক্রমের চিত্র তুলে ধরে। ঐতিহাসিক ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র্যালিতে গাজীপুর মহানগর বিএনপি, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এবং ৫০ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণ দিনটির কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর উপস্থিতিকে তুলে ধরেছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক, সার্থক হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com