গাজীপুর-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে এরশাদনগর ৪৯নং ওয়ার্ডের ৪নং ব্লকে লিফলেট বিতরণ, গণসংযোগ ও এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও বিএনপি নেতা মো: কামরুল ইসলাম কামু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: সাইফুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রদল ও বর্তমানে যুবদল নেতা। এছাড়া উপস্থিত ছিলেন ৪নং ব্লক বিএনপির সভাপতি মো: নাসির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম কামু বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আপনারা এম. মঞ্জুরুল করিম রনিকে জয়ী করলে তিনি পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবেন। আর আমি কথা দিচ্ছি, এলাকার সব ন্যায্য দাবি আমরা তার কাছ থেকে আদায় করে নেব।” তিনি বলেন, এরশাদনগর একটি গরিব ও শ্রমজীবী অধ্যুষিত এলাকা। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নিম্নআয়ের মানুষ বসবাস করছে। অথচ এলাকায় এখনো কোনো কলেজ নেই, অনেক সড়ক অসম্পূর্ণ, ড্রেনেজ সমস্যার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিয়ে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।
বক্তব্যে মো: কামরুল ইসলাম কামু তার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, তিনি নির্বাচিত না হয়েও বছরের পর বছর ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। প্রতি বছর কোরবানির ঈদে গরিবদের মাঝে গরুর মাংস বিতরণ, বছরজুড়ে চাল-ডাল ও খাদ্যসামগ্রী সহায়তা, অসুস্থ মানুষের চিকিৎসা ব্যয় বহন, হাসপাতালে ভর্তি করানো, আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা মানবিক কাজ করে যাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, “অসহায় ও অন্তঃসত্ত্বা নারী, প্রতিবন্ধী ও অন্ধদের জন্য ভাতা পাওয়ার ব্যবস্থা করা, বিধবা ও দরিদ্র পরিবারকে সহযোগিতা করা। এসব কাজ আমি সব সময় করে আসছি এবং আগামীতেও করব।” কামু জানান, জাতীয় সংসদ নির্বাচন শেষ হলে তিনি নিজেও কাউন্সিলর নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে এলাকাবাসীর সব নাগরিক সমস্যা রাস্তা, ড্রেনেজ, গ্যাস, বিদ্যুৎ, নিরাপত্তা। একটির পর একটি সমাধান করবেন বলে আশ্বাস দেন।
তিনি বলেন, “এম. মঞ্জুরুল করিম রনি ভাই এমপি হলে আমরা একসঙ্গে কাজ করব। তিনি জাতীয় পর্যায়ে কাজ করবেন, আর আমি স্থানীয় পর্যায়ে। এই দুইয়ের সমন্বয়েই এরশাদনগরের উন্নয়ন নিশ্চিত হবে।” বিদ্যুৎ সমস্যার বিষয়ে তিনি বলেন, কাট মিটার ও অতিরিক্ত বিল গরিব মানুষের জন্য বড় বোঝা। এসব সমস্যা তিনি নিজে সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরেছেন এবং ভবিষ্যতেও এম. মঞ্জুরুল করিম রনির মাধ্যমে স্থায়ী সমাধান আদায় করবেন।
নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা প্রসঙ্গে কামরুল ইসলাম কামু বলেন, কাউন্সিলর নির্বাচিত হলে প্রতিটি ব্লক ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ইতোমধ্যে নিজ উদ্যোগে কয়েকটি এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে, যার ফলে অপরাধ ও সন্ত্রাসী কার্যকলাপ কমেছে বলে জানান তিনি। এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, কামু এলাকায় থাকলে অপরাধ কমে যায় এবং পরিবেশ শান্ত থাকে। তারা তার নেতৃত্বে আস্থা প্রকাশ করেন।
শেষ বক্তব্যে কামরুল ইসলাম কামু বলেন, “আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব ইনশাআল্লাহ। এরশাদনগরে বসবাসরত প্রায় দুই লক্ষ মানুষ সবাই মিলে ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ইউনুস আলি মোবাইলঃ ০১৯৭১৮৫৬৮৫৫ ইমেইলঃ sangbadalochona@gmail.com
Developed By : Sabbirelectronics.com